টেকনাফে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২২:৪২

কক্সবাজারের টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত দুর্বৃত্তরা সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি সিকদারকে গুলি করে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার ভোরে উপজেলার সাবরাং কচুবনিয়ার মোহাম্মদ আলীর পুত্র ওসমান গনি সিকদার (৪০)  নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ঘরের সামনে সুপারি বাগানে ডেইল পাড়ার আব্দুল্লাহ মেম্বার ওরফে খুলু মেম্বারের পুত্র শাকের ডাকাত গং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বীরদর্পে চলে যায়। গুলির শব্দ শুনে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে এসে ওসমান গণি সিকদারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত  গুলিবিদ্ধ ওসমানকে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল আলিম জানান, সশস্ত্র সন্ত্রাসীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর একটি টমটম চুরির সালিশে শাকের গং দোষী সাব্যস্ত হয় এবং ওসমান এসব কাজের তীব্র প্রতিবাদ করায় চিহ্নিত মাদক কারবারি ও ত্রাস আব্দুল্লাহ মেম্বারের পুত্র শাকের ডাকাত এবং কাটাবনিয়ার মোহাম্মদ হাশিমের পুত্র কেফায়েত উল্লাহ গং ওসমানকে হামলা চালিয়ে রক্তাক্ত করে। টেকনাফ মডেল থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে শাকের ডাকাত গং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি সিকদারকে গুলি করে হত্যা করে।