আইপিও বরাদ্দে লটারি পদ্ধতি বাতিল

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২২:৪৩

পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বরাদ্দের ক্ষেত্রে বিদ্যমান লটারি ব্যবস্থা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে আইপিও বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির ৭৫৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে সাধারণ বিনিয়োগকারীগণের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। আইপিও আবেদনের ক্ষেত্রে ন্যূনতম চাঁদার পরিমাণ ১০ হাজার টাকা। বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিদ্যমান দ্বৈত সম্মতি পত্রের পরিবর্তে বিডিং এবং প্রসপেক্টাস প্রকাশের একসঙ্গে সম্মতি পত্র প্রদান করা হবে। আইপিও নিয়ে নতুন চাঁদার এই সিদ্ধান্ত আগামী এপ্রিল হতে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এদিকে আইপিও নিলামে দ্বিগুণ দাম হাঁকানো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শাস্তি দিয়েছে বিএসইসি। সম্প্রতি বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা কয়েকটি কোম্পানির নিলামের সময় যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেশি দাম হাঁকিয়েছিল, তাদের বিভিন্ন মেয়াদে পরবর্তী নিলামে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সিদ্ধান্তের বিষয়ে বিএসইসি এক প্রেস বার্তায় জানিয়েছে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, মীর আক্তার হোসেন লিমিটেড, লুব রেফ (বাংলাদেশ) এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিলামে যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কাট অফ প্রাইসের (শেয়ারের প্রান্ত সীমা) ২০০ শতাংশের বেশি দাম হাঁকিয়েছিল, তাদের পরবর্তী তিনটি আইপিও নিলামে অংশ নিতে দেওয়া হবে না। যারা কাট অফ প্রাইসের ১৫০ শতাংশ থেকে ২০০ শতাংশ পর্যন্ত বেশি দাম হাঁকিয়েছিল, তারা পরবর্তী দুই নিলামে অংশ নিতে পারবে না। আর যারা কাট অফ প্রাইসের ১০০ শতাংশ থেকে ১৫০ শতাংশ বেশি দাম হাঁকিয়েছিল, তারা পরবর্তী এক নিলামে অংশগ্রহণের অযোগ্য হবে।

উল্লেখ্য, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের কাট অফ প্রাইস ছিল ৩১৫ টাকা। কিন্তু নিলামে সর্বোচ্চ ৭৬৫ টাকা দাম উঠেছিল। এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা হলেও নিলামে সর্বোচ্চ ৮৫ টাকা দাম ওঠে। মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ারের কাট অফ প্রাইস ছিল ৬০ টাকা, নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল ৯৮ টাকা। লুব রেফ (বাংলাদেশ) এর শেয়ারের কাট অফ প্রাইস ছিল ৩০ টাকা, নিলামে সর্বোচ্চ ৬০ টাকা দাম উঠেছিল। ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের কাট অফ প্রাইস ৬২ টাকা ছিল এবং নিলামে উঠেছিল সর্বোচ্চ ১০০ টাকা।