দেশে করোনা ভাইরাসে এক দিনে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। সবশেষ গত ১৪ নভেম্বর এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ১৪ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে ২০ নভেম্বর ও ২২ ডিসেম্বরও ১৭ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। দেশে করোনা ভাইরাসে মোট ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হলো।
নতুন বছরের প্রথম দিন গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৯৯০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ১৯৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৬টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাত্ মোট ১৮০টি ল্যাবে ১২ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১০ জন পুরুষ আর নারী সাত জন। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে এবং এক জন বাড়িতে মারা গেছেন। তাদের মধ্যে ১২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, চার জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, দুই জন করে মোট চার জন চট্টগ্রাম ও খুলনা বিভাগের এবং এক জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৭ হাজার ৫৫৯ জনের মধ্যে ৫ হাজার ৭৬৪ জনই পুরুষ এবং ১ হাজার ৮১২ জন নারী। তাদের মধ্যে ৪ হাজার ১৩৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়াও ১ হাজার ৯২০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৮৮৯ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩৭৮ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৫৯ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৫৭ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩৫ জনের বয়স ছিল ১০ বছরের কম।
