রংপুরের কাউনিয়ায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে দেবরের বিরুদ্ধে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভাবি সাত মাসের অন্তঃসত্ত্বা হলেও ঘটনাটি গ্রাম্য সালিশে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার রংপুর জানান, রংপুরের কাউনিয়ায় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবার পথে এক গৃহবধূকে পাঁচ জন মিলে গণধর্ষণ করেছে। এ অভিযোগে চার ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কসাইটারী এলাকার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি রংপুর নগরীর রবার্টসনগঞ্জ যাচ্ছিল। গত বুধবার সন্ধ্যায় কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় সাজু নামের পূর্ব পরিচিত একজন মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে কয়েক জন মিলে রাতভর ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো সাজুসহ ঐ এলাকার রাজু আহমেদ, আহসান কবির সোহান ও শুভ মিয়া। এছাড়া অপর এক আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এদিকে মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মির্জাপুরে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলার বরুটিয়া গ্রামের দারগ আলীর ছেলে লম্পট দেবর মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ভাবি এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। দুই শিশু সন্তান নিয়ে ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ চরম বিপাকে পড়ে এখন স্বামীর বাড়িছাড়া। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও একশ্রেণির মাতব্বর গ্রাম্য সালিশে ঘটনাটি ধামাচাপা চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ন্যায়বিচারের জন্য দুই শিশু সন্তান নিয়ে তিনি এখন দ্বারে দ্বারে ঘুরছেন। ঘটনার বিচার চেয়ে তিনি টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দেবরকে আসামি করে মামলা দায়ের করেছেন।
