বরিশালে চাঁদাবাজিকালে ‘ভুয়া সাংবাদিককে’ গণপিটুনি

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২২:৪৯

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় চাঁদাবাজির সময় এক ‘ভুয়া সাংবাদিককে’ গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। ঐ ব্যক্তির নাম নাহিন ভূঁইয়া। তার বিরুদ্ধে কাশিপুর এলাকায় সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ ছিল। বৃহস্পতিবার কাশিপুর বাজার সংলগ্ন ব্যারিস্টার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। গণপিটুনির পর ভূয়া সাংবাদিক নাহিন ভূঁইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, নাহিন নামের ঐ যুবক একটি অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার পরিচয় দিয়ে কাশিপুর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উত্ত্যক্ত করতেন। ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা নেওয়া ছিল তার পেশা। এছাড়া তার নিজের ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। যারা তাদের কথা না শুনত তাদের মারধর করতেন। বৃহস্পতিবার এই গ্রুপ কাশিপুর এলাকায় সশস্ত্র মহড়াও দেয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে নাহিনকে গণপিটুনি দেয়। স্থানীয়রা জানান, এই গ্রুপটি এলাকায় মাদক কেনাবেচার সঙ্গেও জড়িত। বিষয়টি অবগত হয়েছেন বলে জানিয়েছে বরিশাল বিএমপি এয়ারপোর্ট থানা পুলিশ।