ময়নাতদন্তের তথ্যের ভিত্তিতে চরফ্যাশনে ৫২ দিন পর গৃহবধূ হত্যার মামলা

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২২:৪৯

ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে হত্যা প্রমাণ হওয়ায় মৃত্যুর ৫২ দিন পর মামলা দায়ের করা হয়েছে। নিহত নারীর নাম খাদিজা নাসরিন। তিনি চরফ্যাশন সরকারি কলেজের অফিস সহায়ক ছিলেন। গত বৃহস্পতিবার রাতে নিহতের ভাই রুবেল বাদী হয়ে তার স্বামী কামাল দেওয়ানসহ ছয় জনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে গত নভেম্বর মাসে পুলিশ তার স্বামী বাড়ির দরজা বন্ধ শোয়ার ঘর থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তখন থেকেই নিহতের পরিবার তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। ৫২ দিন পর ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়ায় পুলিশ এ ঘটনায় হত্যা মামলা গ্রহণ করে।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের সদস্যরা যৌতুক দাবি করে আসছিলেন। এনিয়ে তাদের দাম্পত্য কলহ চলছিল। যৌতুকের ঐ টাকা না দেওয়ায় নাছরিন খাদিজাকে নির্যাতন করতেন স্বামীসহ তার পরিবারের সদস্যরা। এরই ধারাবাহিকতায় বাচ্চা জন্ম দেওয়ার এক দিনের মাথায় বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় সেই সময়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছিল।