মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০০:৪৬

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম আরিফ। এ ঘটনায় দুই জন আহত হয়েছে। আহতরা হলো—সোহাগ ও হাসান। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে। কয়েকজন মাদকাসক্ত কিশোর আরিফসহ এই তিন জনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অরিফের বন্ধু রবিনসহ অন্যরা আহত তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিত্সক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত হাসান ও সোহাগ হাসপাতালে চিকিত্সাধীন। নিহত আরিফ পরিবারের সঙ্গে মহাখালী সাততলা বস্তিতে থাকতো। তার বাবার নাম কবির।

আরিফের বন্ধু রবিন জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে তারা ছয় থেকে সাত জন বন্ধু মিলে মহাখালী কাঁচাবাজার এলাকায় একটি হোটেলে খাবার খেতে যায়। হোটেলের কাছাকাছি পৌঁছালে জনি ও নুরুসহ কয়েকজন তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে আরিফসহ তিন জন আহত হয়। পরে আরিফ ঢাকা মেডিক্যালে মারা যায়। বাকি দুই জন চিকিত্সাধীন। তবে কী কারণে তাদের ওপর হামলা করা হয়েছে সে ব্যাপারে রবিন জানাতে পারেনি। রবিন জানায়, জনি ও নুরু মহাখালী ফ্লাইওভারের নিচে থাকে এবং তারা মাদকাসক্ত। ধারণা করা হচ্ছে অরিফের সঙ্গে জনি ও নুরুর পূর্ব শত্রুতা ছিল।