সিংগাইরে পুলিশ পরিচয়ে সেনাসদস্যের বাড়ি থেকে স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ১

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০০:৪৬

পুলিশ পরিচয়ে ইয়াবা ও মদ তল্লাশির নামে এক সেনাসদস্যের বাড়িতে ঢুকে টাকা ও স্বর্ণালংকারসহ মোবাইল ফোনসেট লুটে নিয়েছে তিন দুর্বৃত্ত। এমনটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৭টার দিকে সিংগাইর থানা সদরের চর আজিমপুর গ্রামের মডেল টাউনের পূর্বপাশে। এ ব্যাপারে গৃহকর্ত্রী সাহিদা আক্তার বাদী হয়ে গতকাল শুক্রবার থানায় মামলা করলে পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি চর আজিমপুর গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে রাকিব হোসেন।

সেনাসদস্য নজরুল ইসলাম জানান, ঘরের বারান্দার গেট খোলা রেখে পরিবারের লোকজন টিভি দেখায় ব্যস্ত ছিল। এ সময় পুলিশের পোশাক পরিহিত এক জন ও দুই জন সিভিল পোশাকে এসে ইয়াবা ও মদ বিক্রির অভিযোগ তুলে পুলিশ পরিচয়ে তাদের ঘর তল্লাশি করে জিনিসপত্র তছনছ করে। এক পর্যায়ে তারা বাড়ির সবাইকে জিম্মি করে চাবি দিয়ে আলমারি খুলে ১ লাখ ৮০ হাজার টাকা, চার ভরি স্বর্ণ ও তিনটি মোবাইল ফোনসেট লুটে নেয়। এ সময় বাধা দিলে এক জনের মাথায় আঘাত করে তারা দ্রুত পালিয়ে যায়। পরে ডাকাত বলে চিত্কার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে তারা পালিয়ে যায়। থানা পুলিশ খবর পেয়ে পুলিশ উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 সত্যতা স্বীকার করে সিংগাইর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, এ ব্যাপারে চুরির মামলা হয়েছে এবং ঘটনায় জড়িত গ্রেফতারকৃত আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।