ফ্রান্সে জারি করা প্রাণঘাতী করোনা ভাইরাসের বিধিনিষেধ উপেক্ষা করে দুই হাজার ৫০০ জনের বেশি মানুষ পার্টি করেছে। এনিয়ে পুলিশ ও পার্টিতে আসা লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার শুরু হওয়া ব্রিটেনির রেনেসের কাছে লেউরনে এক ওয়ারহাউজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত সেটি চলছে।
ফ্রান্সের পুলিশ জানিয়েছে, সেখানে যুক্তরাজ্য ও স্পেন থেকেও লোক এসেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ অনুষ্ঠান বন্ধ করতে চাইলে অনুষ্ঠানে আশা লোকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। উপস্থিত লোকরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, সেইসঙ্গে পুলিশদের লক্ষ করে বিভিন্ন জিনিস ছুঁড়ে।
সংঘর্ষে অন্তত তিন জন পুলিশ আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ অনুষ্ঠান বন্ধ করতে চাইলে পার্টিতে আসা বহু লোকদের দ্বারা হেনস্থার স্বীকার হয়।
ওই পার্টিতে আসা জো নামে একজন বার্তা সংস্থা এ এফ পি' কে বলেন, খুব কম সংখ্যক মানুষই সামাজিক দূরত্ব মেনে চলেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বহু লোক নাচার পর তাদের গাড়িতেই ঘুমিয়েছে। অনেকে জানিয়েছে তারা সেখানে রবিবার পর্যন্ত থাকার পরিকল্পনা করেছে, আবার অনেকে মঙ্গলবার পর্যন্ত থাকার আশা করছে। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এসআর
