মো. কবির হোসেন (সুজন)প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে স্বাগতম। আশা করি বৈশ্বিক মহামারীতেও তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তাই তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।
উদ্দীপক ঃ করিম,রহিম, রাতুল, রাহেল এবং পিয়াল সহ পাঁচ বন্ধু Big Bangla Limited-এ চাকুরী করতেন। তাদের মধ্যে তিন বন্ধু চাকুরী ছেড়ে দিয়ে সমঝোতার ভিত্তিতে সমপরিমান মূলধন নিয়ে একটি অংশিদারী কারবার প্রতিষ্ঠা করেন। এই ধরণের কারবারের দক্ষতা ও অভিজ্ঞতার কারনে তাদের আরেক বন্ধু মার্চেন্ডাইজার বিনয়কে বিনা মূলধনে ব্যবসায়ে অংশীদার করে নেয়। তবে গত বছর পূর্বেও অংশীদার রাতুল তার ব্যক্তিগত ব্যস্ততার কারনে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করেনি। বছর শেষে রাতুল ব্যবসা হতে সমান মুনাফা দাবী করেন।
ঘ) উদ্দীপকে রাতুল এর সমান মুনাফা দাবী কি যুক্তিযুক্ত? তোমার মতামত দাও।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর ঃ উদ্দীপকে রাতুল উক্ত প্রতিষ্ঠানের একজন ঘুমন্ত অংশীদার ।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে,লাভ ক্ষতিতে অংশ গ্রহণ করে শুধুমাত্র ব্যবসা পরিচালনায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে না তাকে ঘুমন্ত বা নিস্ক্রিয় অংশীদার বলা হয়। আর ঘুমন্ত অংশীদার যেহেতু সক্রিয় অংশীদারের ন্যায় ব্যবসা হতে মুনাফা ভোগ করে সেই হিসেবে রাতুল এর সমান মুনাফার দাবী যুক্তিক।
উক্ত উদ্দীপকে পাঁচ বন্ধুর মধ্যে তিন বন্ধুর অংশীদারি কারবারে রাতুল সমান মূলধন বিনিয়োগ করে ব্যবসা পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে একজন সাধারণ অংশীদার ছিল। কিন্তু তার ব্যক্তিগত ব্যস্ততার কারনে সে ব্যবসা পরিচালনায় নিস্ক্রিয় হয়ে যায়। নিস্ক্রিয় হওয়াতেও উক্ত ব্যবসায়ে তার দায় অসীম থাকে। তবে পরিচালনায় সক্রিয় না থাকার কারনে এই ধরনের অংশীদারদেরকে ঘুমন্ত অংশীদার বলা হয়। আর অংশীদার হিসেবে তাদের মুনাফাও আগের মতই বহাল থাকে। অর্থাত্ তারা সাধারণ অংশীদারের মত সমান মুনাফা পাবে।
ঘুমন্ত অংশীদারেরা প্রতিষ্ঠানে কার্যক্রমে নিস্ক্রিয় থাকে বিধায় তাদের অংশীদার হওয়ার বিষয়টি জনসাধারনের জানা থাকে না। ফলে তাদের অবসর গ্রহনের সময় গণবিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না। তাই তারা অবসর নিলে ব্যবসায়ের কোন কাজের জন্য তারা তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকে না। প্রতিষ্ঠানে অন্য সকল সুবিধাদি তাদের বহাল থাকে।
