গত ২৭ ডিসেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল গত ২৪ ডিসেম্বর অনলাইনে শুরু হওয়া ৪৮ ঘণ্টাব্যাপী সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন-২০২০ আয়োজনের। অনুষ্ঠানের শুরুতে সিটিও ফোরাম-এর কার্যকরি পরিষদের সদস্য সৈয়দ সোহায়েল রেজা বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্যে এবিএম আরশাদ হোসাইন অংশগ্রহণকারীদের তৈরি বিভিন্ন সমাধান সম্পর্কে তার মুগ্ধতার কথা প্রকাশ করেন এবং পরবর্তী আয়োজনে আইসিটি অধিদপ্তরের সহযোগীতার আশ্বাস দেন। সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন- ২০২০ এর আহ্বায়ক, আব্দুল্লাহ আল মামুন বিজয়ীদের নাম ঘোষণা করেন। প্রথম সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন-২০২০এর সেরা উদ্ভাবক দল হয়েছে টিম আলফা। সাইয়েদা ফাহিমা জান্নাতের ছয় সদস্যের দল। প্রথম রানার্স আপ হয়েছে ডিজি ট্রি। এ দলের নেতৃত্ব দিয়েছে তারেক মাহমুদ। টেলিমেডিসিন সেবা খাতে ‘স্মার্ট ডাক্তার’ প্রকল্পে মাজহারুল ইসলামের নেতৃত্বাধীন টিম ডার্ক লাইট দ্বিতীয় রানার্স আপ হয়েছে। এছাড়া স্থানীয় আবহাওয়ার খবর দেয়ার চ্যাটবট তৈরি করে স্পেশাল অ্যাওয়ার্ড জিতেছে ফারজানা রহমানের নেতৃত্বাধীন ব্লুবার্ড। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সিটিও ফোরাম বাংলাদেশ সভাপতি তপন কান্তি সরকার জানান, তথ্য প্রযুক্তি খাতে নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে একটি ক্লাউড ইনোভেশন সেন্টার স্থাপন করেছে। সিটিও ফোরাম বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আসিফ-এর সঞ্চালনায় হ্যাকাথনে বিচারকদের পক্ষ থেকে প্রধান বিচারক অ্যামাজন ইউএসএ এর সলিউশন আর্কিটেক্ট মাহাদি-উজ-জামান এবং সিনিয়র সলিউশন আর্কিটেক্ট রমেশ দ্বারকানাথ বক্তব্য রাখেন।
