শুভেচ্ছাদূত হলেন তাহসান

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২০:৩৩

বিনোদন রিপোর্ট

 

প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আগামী ২ বছর এই দায়িত্ব পালন করবেন তিনি। গতকাল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাতিসংঘের শরণার্থী সংস্থার বাংলাদেশ প্রধান স্টিফেন করলিস। সারাবিশ্বে শরণার্থী সংস্থার মোট ৩২ জন শুভেচ্ছাদূত আছেন, যারা তাদের জনপ্রিয়তা, নিষ্ঠা ও কাজের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থাটির কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। ২০১৯ সাল থেকে তাহসান শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআর-এর সঙ্গে কাজ করছেন। এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিতবোধ করছি। পৃথিবীর এক শতাংশের বেশি মানুষ আজ সংঘাত ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত। ভাগ্যবান ৯৯ শতাংশ মানুষের একজন হিসেবে শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব। সবার সহযোগিতা চাই।’