নববর্ষ উদ্যাপন নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ
বিবিসি
ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে নববর্ষ উদ্যাপনে অংশ নিয়েছিল প্রায় আড়াই হাজার মানুষ। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনা ঘটে।
দেশ জুড়ে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফরাসি সরকারের পক্ষ থেকে সম্প্রতি কড়াকড়ি আরোপ করা হয়। কিন্তু এই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে উত্তর-পশ্চিমাঞ্চলে নতুন বছরকে বরণ করে নেওয়ার উত্সবে মেতে উঠেছে হাজার হাজার মানুষ। কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করছে, লোকজন সামাজিক দূরত্ব না মেনে একত্র হওয়ার কারণে করোনার প্রকোপ আবারও বেড়ে যেতে পারে।
বৃহস্পতিবার ব্রিটানির রেনেসের কাছে লিঁওরো শহরে একটি গুদামের মধ্যে ঐ পার্টির আয়োজন করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পার্টি থামানোর চেষ্টা করায় সেখানকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে তিন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, পুলিশ পার্টি থামানোর চেষ্টা করতে গেলে লোকজন উত্তেজিত হয়ে ওঠে। পার্টিতে অংশ নেওয়া ব্যক্তিরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারে।
জো নামে ঐ পার্টিতে অংশগ্রহণকারী একজন এএফপিকে বলেন, খুব কম মানুষই সেখানে সামাজিক দূরত্ব মেনে চলেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউ ইয়ারের পার্টিতে অংশগ্রহণকারীরা ফ্রান্সের বিভিন্ন স্থান, এমনকি ফ্রান্সের বাইরের বিভিন্ন দেশ থেকে এসেছে। পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্য এবং স্পেন থেকে আসা লোকজনও সেখানে অংশ নিয়েছে।
