দুর্দান্ত খেলেও মোহামেডানের বিদায়

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২০:৫৭

সাডেন ডেথে সেমিতে সাইফ স্পোর্টিং

 সোহেল সারোয়ার চঞ্চল

অপ্রত্যাশিত পারফরম্যান্স দেখিয়েছে মোহামেডান। সাম্প্রতিক সময়ের ফুটবলে মোহামেডানকে এতটা ভালো খেলতে দেখা যায় না। ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দর্শক তুষ্ট করার মতো খেলেও সেমিফাইনালে উঠতে পারেনি। সেমিফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব।  মোহামেডান সাডেন ডেথে ৬-৭ গোলে সাইফের কাছে হেরে বিদায় নিয়েছে।

গোল করে এগিয়ে থেকেও পিছিয়ে গিয়ে আবার ২-২ গোলে সমতা এনেছিল মোহামেডান। টাইব্রেকিংয়ে প্রথম শটে গোল পায়নি মোহামেডান। সাইফ চতুর্থ শট মিস করায় পিছিয়ে থাকা মোহামেডান ৪-৪ গোলে সমতা আনার সুযোগ পায়। কিন্তু সাডেন ডেথে গিয়ে গোল আর পালটা গোলের লড়াইয়ে মোহামেডানের আতিকুজ্জামান বাইরে মেরে ভিলেন হন। অথচ ম্যাচের প্রথম গোল করে নায়ক হয়েছিলেন আতিক। আর শেষ শটে সাইফের উজবেক ফুটবলার সিরোজিউদ্দিন রাখমাতুল্লায়েভ গোল করে সেমিফাইনালে উঠার আনন্দে ভাসিয়ে দেন। সাইফ ৭-৬ গোলে জয় নিয়ে সেমিতে উঠে।

১২০ মিনিটের রোমাঞ্চকর লড়াই হয়েছে।  বর্তমান জাতীয় দলের কোনো খেলোয়াড় নেই মোহামেডান শিবিরে। সাইফের আছে হাফ ডজন ফুটবলার। সঙ্গে তরুণদের বাড়তি শক্তি এবং ভালোমানের বিদেশিদের দাপটের কাছে মোহামেডান অসহায় আত্মসমর্পণ করেনি। লড়াকু মোহামেডান খেলা উপহার দিয়েছে। সান্ত্বনা এটাই।

খেলা শুরুর প্রথম বাঁশিতেই আগুনের মতো জ্বলে উঠল মোহামেডান। সাইফ স্পোর্টিংয়ের ওপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়ল, কোনো কিছুই বুঝতে দেয়নি। ওপেন নেট গোল করার যেসব সুযোগ নষ্ট করেছে তার জন্য মোহামেডানই দায়ী। ১৮ সেকেন্ডে মোহামেডানের আক্রমণ। ফারহাত মনার বাড়ানো বল। সাইফের পোস্টে গোলকিপার নেই। সাইফের অধিনায়ক রিয়াদুল হাসান রাফি নিশ্চিত গোল বাঁচান। ৫০ সেকেন্ডে গোল কর্নার হতে উড়ে আসা বলে শরীরটাকে ঘুরিয়ে হেড করেন আতিকুজ্জামান ১-০। গোলের পরও মোহামেডান ঝড় চলছিল। ফারহাত মনা ও শাহেদ মিয়া ছোট বক্সে দাঁড়িয়ে বাইরে মেরে নষ্ট করেন। গোল মিস করার মাশুল দিতে হলো মোহামেডানকে। ৬ মিনিটে, ফয়সাল ফাহিমের কর্নার। ফাঁকায় দাঁড়ানো নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল পেছন থেকে দৌড়ে এসে মোহামেডানের জালে বল পাঠান ১-১। এই ৬ মিনিট উপভোগ্য ফুটবল দেখেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শক।

মোহামেডানের রক্ষণভাগের ফাটল দেখতে পেয়ে সাইফ সুযোগ নিয়েছে। ১১ মিনিটে গোল করে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। গোল করেন সাইফের নাইজেরিয়ান ইকেচুকুকেনেথ ২-১। প্রথমার্ধেই মালির স্ট্রাইকার সুলায়েমান দিবাতে গোল করে মোহামেডানকে ফেরান ২-২। টাইব্রেকারে ৪-৪ গোল হয়। সাডেন ডেথে নিষ্পত্তি হয়। ৭-৬ গোলে। 

আজ তৃতীয় কোয়ার্টার ফাইনাল

বসুন্ধরা কিংস ও শেখ জামাল।

বিকাল ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।