স্পোর্টস রিপোর্টার
নতুন বছরের প্রথম দিনে সন্তানসম্ভবা স্ত্রীর পেটে চুমু দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ভক্তদের চমক দিয়েছিলেন সাকিব আল হাসান। তৃতীয় সন্তানের অপেক্ষায় এখন সাকিব-শিশির দম্পতি। বাঁহাতি এই অলরাউন্ডার নিশ্চিত করেছেন, তৃতীয়বার বাবা হতে যাচ্ছেন তিনি।
স্ত্রী ও দুই কন্যাকে ছেড়ে যুক্তরাষ্ট্র থেকে এখন বাংলাদেশে ফিরছেন সাকিব। আজ কাতার এয়ারওয়েজের ফ্লাইটে সকাল ১০টায় ঢাকায় পৌঁছাবেন তিনি। গতকাল বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান তথ্যটি নিশ্চিত করেছেন।
ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। শ্বশুর অসুস্থ জেনে জেমকন খুলনার হয়ে ফাইনাল খেলার আগেই যুক্তরাষ্ট্র উড়াল দেন তিনি। পরে সাকিব পৌঁছানোর আগেই না-ফেরার দেশে চলে যান শিশিরের বাবা। ঘরোয়া ক্রিকেটের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটেও প্রত্যাবর্তন হবে সাকিবের। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়েই ফিরবেন এই বাঁহাতি অলরাউন্ডার। এই সিরিজের ক্যাম্পে যোগ দিতেই আজ দেশে ফিরছেন তিনি। ক্যাম্প শুরু হতে পারে ১০ জানুয়ারি।
