বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন হেফাজতে ইসলাম ও মামুনুল হককে চ্যালেঞ্জ করে বলেছেন, সারা বাংলাদেশে জেলায় জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে; আপনারা পারলে ঠেকান। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় জেলা যুবলীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৭১ এর পরাজিত শক্তি ও পাকিস্তানের দোসর জামায়াত শিবির এখন হেফাজত ইসলামে ভিড় জমিয়েছেন, সারা বিশ্বে ভাস্কর্য থাকলেও তারা ধর্ম নিয়ে ব্যবসায় নেমেছে। আমরাও নামাজ পড়ি, কালিমা জানি আমরাও মুসলমান কিন্তু আমরা ধর্ম নিয়ে ব্যবসা করিনা। আপনাদের এসব ব্যবসা বন্ধ করুন তা-নাহলে সারা বাংলাদেশে যুবলীগ মাঠে নামলে পালাবার জায়গা পাবেননা।
নিক্সন চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গঠনে লাখো কোটি জনতা বুকের তাজা রক্ত দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুন্ন রাখতে প্রস্তুত রয়েছে। আগের যুবলীগ আর এখনকার যুবলীগ এক নয়। রাজাকার সন্তান, অনুপ্রবেশকারী, চাঁদাবাজদের ঠাই নেই যুবলীগে। শেখ হাসিনা ছাড়া কোন এমপি মন্ত্রীর পেছনে হেঁটে যুবলীগের নেতা হওয়া যাবেনা। সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসনার হাতকে শক্তিশালী করার আহবান জানান দেশের আলোচিত এ এমপি।
জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন -কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ।
ইত্তেফাক/এআর
