বিদ্যালয়ে ভর্তির বয়স পুনঃবিবেচনা করা উচিত

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:০৭

সব শিশুর শারীরিক ও মানসিক বিকাশ একইভাবে এবং একই বয়সে ঘটে না। শুধু বয়স দিয়ে একটি শিশুর মেধা ও যোগ্যতার বিচারও করা যায় না। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক পরিবেশেরও গুরুত্বপূর্ণ প্রভাব থাকে। অথচ সরকারি নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ করা হয়েছে ছয় বছর। পরবর্তী শ্রেণিগুলোতেও ভর্তির ব্যাপারে এভাবেই বয়স হিসেব করা হয়ে থাকে। অর্থাত্ বছরের প্রথম দিন ছয় বছরের একদিন কম হলেও সেই শিশুকে প্রথম শ্রেণিতে ভর্তি করা যাবে না এবং  এক্ষেত্রে এক বছর অপেক্ষা করতে হবে। তাহলে পরবর্তী বছরে প্রায় সাত বছর বয়সে ঐ শিশুকে প্রথম শ্রেণিতে ভর্তি করতে হবে। কাজেই বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে বয়সের এই নীতিমালা সমস্ত শিশুর জন্য গ্রহণযোগ্য হতে পারে না। এখানে বয়সের ক্ষেত্রে ’প্রায়’ শব্দটি ব্যবহার করলে বয়স কিছুটা কমবেশি হলেও যাতে বিদ্যালয়ের যে কোনো শ্রেণিতে ভর্তি করা যায় এবং এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হতে হবে। আশা করি, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি দ্রুত বিবেচনা করে সিদ্ধান্ত ঘোষণা করবে। 

বিপ্লব বিশ্বাস

গোয়ালচামট, ফরিদপুর