ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুদের শীতজনিত রোগের প্রকোপ শুরু হয়েছে। বিশেষ করে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া। গত ২০ দিন ধরে ঝিনাইদহ সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। শিশু ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের জন্য পৃথক ওয়ার্ড খোলা হয়েছে। শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা আটটি। সেখানে ৫০ জনের ওপর রোগী ভর্তি থাকছে। এর মধ্যে অন্তত ২০ জন থাকছে ডায়রিয়ায় আক্রান্ত। বেডে স্থান না পেয়ে বারান্দা ও মেঝেতে রেখে চিকিত্সা দিতে হচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের রূপসা খাতুন জানান, তার বেবি ডায়রিয়ায় আক্রান্ত হলে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচ দিন ধরে চিকিত্সা দেওয়া হচ্ছে। এখনো সুস্থ হয়নি। তিনি আরো জানান, তাদের গ্রামে আরো শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
সদর হাসপাতালের সুপার ডা. হারুন অর রশিদ জানান, শীতের তীব্রতা বাড়ার পর হঠাত্ করে শিশুদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিনই আউটডোরে আক্রান্ত শিশুদের আনছে মায়েরা। যেসব শিশুর অবস্থা খারাপ তাদের ভর্তি করে চিকিত্সা দেওয়া হচ্ছে। ওষধের অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, ডায়রিয়ার পাশাপাশি শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সংখ্যাও বেড়েছে। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, জেলা জুড়ে রোটা ভাইরাস সংক্রমণ হয়ে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। জেলা সদর হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ডায়রিয়ায় আক্রান্ত শিশু আসছে। এ সময় তিনি শিশুদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন।
