নানা আয়োজনে সমাজসেবা দিবস পালিত

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:০৯

ইত্তেফাক ডেস্ক

আলোচনা সভাসহ নানা আয়োজনে শনিবার সারা দেশে ৬৬তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন স্থানে সেবাগ্রহীতা, দুরারোগ্য ব্যক্তি ও প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বরিশাল :নগরীর কালীবাড়ী রোডের জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে আলোচনাসভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার। পরে ৩০ জন সেবাগ্রহীতাকে বিভিন্ন ভাতার নতুন বই, উপকরণ এবং চেক বিতরণ করা হয়।

নেত্রকোনা :নেত্রকোনা জেলা সমাজসেবা অফিসে প্রতিষ্ঠানের উপপরিচালক মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। পরে দুরারোগ্য ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

জয়পুরহাট :জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের যৌথ উদ্যোগে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক ইমাম হাসিম।

চাঁপাইনবাবগঞ্জ :জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় জেলার দুই জন প্রতিবন্ধীকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা ঋণ প্রদান করে। এছাড়াও দুই জনকে বয়স্ক ভাতার বই প্রদান করা হয়।

রংপুর : জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে দিবসের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান। পরে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান। সভা শেষে সমাজসেবা অধিদপ্তরের কর্মচারীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।

মৌলভীবাজার : জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনূর রশিদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

কাউখালী (পিরোজপুর) : উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। অনুষ্ঠানে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও ক্যানসার, কিডনি, লিভার ও স্ট্রোকে প্যারালাইডস পাঁচ জন রোগীকে ৫০ হাজার টাকা করে চেক দেওয়া হয়।

এ ছাড়া নড়াইল, মাদারীপুর, শরীয়তপুর, রাজশাহীর গোদাগাড়ী, বাগেরহাটের মোড়েলগঞ্জ, পিরোজপুরের স্বরূপকাঠি, পাবনার চাটমোহর, নাটোরের গুরুদাসপুর, লালমনিরহাটের পাটগ্রাম, কুমিল্লার মুরাদনগর, রাজবাড়ীর বালিয়াকান্দিসহ সারা দেশে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়।