গাইবান্ধা প্রতিনিধি
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া ১০ জন প্রয়াত বিপ্লবীকে শনিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘অগ্নিযুগের অগ্নিপ্রভা’ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে। গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননাপ্রাপ্ত প্রয়াত ১০ বিপ্লবীর পরিবারের সদস্যরা তাদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন। সম্মাননাপ্রাপ্ত ১০ বিপ্লবী হলেন গাইবান্ধা জেলার ডা. শ্রীশ চন্দ্র সরকার, হরিশ চন্দ্র চৌধুরী, যোগেশ চন্দ্র দাশ, পরেশ চন্দ্র চৌধুরী, শাহ্ মজিবর রহমান, ফজর উদ্দিন তালুকদার, নির্মলেন্দু বর্মন, আবুল মকসুদ, এম কে রহিম উদ্দিন ও জয়পুরহাট জেলার ডা. আব্দুল কাদের চৌধুরী। এ উপলক্ষ্যে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্যসচিব জাহাঙ্গীর কবির তনু। এছাড়া বক্তব্য রাখেন অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) জহুরুল কাইয়ুম, প্রণব চৌধুরী খোকন, মঞ্জুর আলম মিঠু, জিয়াউল হক জনি, আবু রাহেন শফিউল্লাহ, মোস্তফা মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, আত্মদানকারী, কারানির্যাতিত ও আন্দামানের নির্জন কারাগারে নিক্ষিপ্ত ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আমাদের এলাকার সূর্যসন্তানদের কথা আমরা ভুলতে বসেছি। নতুন প্রজন্মসহ সবার সামনে তাদের অবদান ও পরিচিতি তুলে ধরার কোনো বিকল্প নেই। সেই গুরুত্বপূর্ণ কাজটির সূচনা করা হলো। ভবিষ্যতে আরো বিপ্লবীদের সম্মাননা জানানো হবে। এর আগে সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত বিপ্লবীদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা ফুলের তোড়া ও ক্রেস্ট গ্রহণ করেন। শেষে বিপ্লবীদের নিয়ে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।
