কমরেড মনি সিংহের স্মরণসভা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ব্রিটিশবিরোধী সংগ্রামের পুরোধা, টংক আন্দোলনের অন্যতম নেতা ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মনি সিংহের স্মরণসভা গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক সমিতির উদ্যোগে শুক্রবার বিকালে পৌর শহরের এনটিটি শিক্ষা পরিবার মিলনায়তনে কমরেড মনি সিংহের ৩০তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক সমিতির সভাপতি লুত্ফুর রহমান এতে সভাপতিত্ব করেন।
করোনা সচেতনতায় বিনা মূল্যে মাস্ক বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি জেলা স্কাউটসের পক্ষ থেকে শনিবার মাসব্যাপী করোনা সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে বিনা মূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় করোনা সচেতনতামূলক এ কর্মসূচি উদ্বোধন করেন পুলিশ সুপার ও জেলা স্কাউটসের সহসভাপতি মোহাম্মদ সালাম কবির পিপিএম। এ সময় জেলা স্কাউটসের সম্পাদক বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার শাহাদুল ইসলাম সাজু, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার পাঁচ উপজেলাতে একই কর্মসূচি পালন করছে উপজেলা স্কাউটস।
ছাগলনাইয়ায় উঠান বৈঠক
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে ‘গ্রামকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তোলা’ সম্পর্কে গ্রামের মানুষকে ধারণা দিতে প্রতিটি গ্রামে চলছে উঠান বৈঠক কার্যক্রম। সচেতনতামূলক এই কর্মসূচি বাস্তবায়ন করছে মহামায়া ইউনিয়ন পরিষদ। শুক্রবার বিকালে ঐ ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠক জয়নগর গ্রামের করিম উল্লার বাড়িতে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হুদা মজুমদারের সভাপতিত্বে এবং ইউপি সদস্য নুরুল করিম সবুজ মেম্বারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা জুড়ীতে গ্রিন জুড়ী ক্লিন জুড়ী বাস্তবায়নের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জুড়ী শহরে স্থানীয় সামাজিক সংগঠন জুড়ী উপজেলা একতা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা ফাউন্ডেশন ও উপজেলা স্কাউটসয়ের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম প্রমুখ।
যুব রেড ক্রিসেন্টের কমিটি গঠন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় শনিবার যুব রেড ক্রিসেন্টের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে ঝালকাঠি জেলা যুব রেড ক্রিসেন্টের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মো. মশিউর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। সভাশেষে মো. সোয়েবুজ্জামান তিতাসকে দল নেতা এবং মেহেদী হাসান ও হেদায়েতুল ইসলাম জিহাদকে উপনেতা করে ১৫ সদস্য বিশিষ্ট কাঠালিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট গঠন করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে শনিবার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. ছালাহ উদ্দীন চৌধুরী. ঢাকা বিভাগের কমিশনার মো. খলিলুর রহমান প্রমুখ।
এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার, রাজশাহী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে র্যাব সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে শনিবার রাজশাহীতে ৫০০ জন এতিম শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। রাজশাহীর বায়া এলাকায় সরকারি শিশু সদনের শিশুদের মধ্যে র্যাব-৫ এর পক্ষ থেকে এসব খাবার বিতরণ করা হয়। র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল মোত্তাকিম শিশুদের হাতে খাবার তুলে দেন।
