পাঁচ দিনব্যাপী বিসিকের মেলা শুরু আজ

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:১৬

ইত্তেফাক রিপোর্ট

মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে আজ রবিবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বিসিক মধু, হস্ত ও কুটিরশিল্প মেলা-২০২১। ৭ জানুয়ারি পর্যন্ত রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ মেলায় প্রায় ৬১ জন মধু, ক্ষুদ্র ও কুটিরশিল্প উদ্যোক্তা অংশ নিচ্ছেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি মেলায় আগত বিক্রেতাগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে উল্লেখ করেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অতিক্ষুদ্র, কুটির, ক্ষুদ্র ও মাঝারিশিল্পের উদ্যোক্তাগণ। ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তাদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে উদ্যোক্তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিসিকের পক্ষ থেকে এ মেলার আয়োজন করা হয়েছে। বিসিকের পক্ষ থেকে উদ্যোক্তাদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে যাতে উদ্যোক্তাগণ তাদের উত্পাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির কারণে প্রায় সাত-আট মাস যাবত্ সব ধরনের মেলা বন্ধ ছিল।  মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।