ইত্তেফাক রিপোর্ট
বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রথম দিনে পান্থপথ বক্স কালভার্টের পাঁচটি ড্রেনেজ পিট থেকে ৭৪ টন বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি। গতকাল পান্থকুঞ্জ পার্ক থেকে পান্থপথ বক্স কালভার্ট বর্জ্য অপসারণের মাধ্যমে পানি প্রবাহ সৃষ্টির লক্ষ্যে এ কার্যক্রম শুরু হয়। বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন।
এ সময় এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, গত ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসা থেকে সব খাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে পান্থপথ কালভার্ট থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু হয়েছে। এরপর সেগুনবাগিচা কালভার্ট থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি জিরানী, মান্ডা ও শ্যামপুর খালে প্রাথমিক পরিচ্ছন্নতার কাজ চলছে। তারপর সীমানানির্ধারণ ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরো বলেন, ‘আমরা মার্চের মধ্যে এ দুটি বক্স কালভার্ট ও তিনটি খাল থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করতে চাই। যাতে করে এপ্রিলের শুরু থেকে ঢাকা জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে।
