শওকত ওসমান আমাদের প্রেরণার উত্স

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:২০

স্মরণ অনুষ্ঠানে বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

শওকত ওসমান স্মরণে আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেছেন, ‘তিনি আমাদের জাতির বিবেক। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়তে তার রচনা আমাদের আজও পাথেয় হয়ে রয়েছে। তিনি ছিলেন প্রগতিবাদী ও রাজনীতি সচেতন, অসাম্প্রদায়িক একজন আধুনিক মানুষ। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় ছিল তার অবাধ বিচরণ। তিনি তার সাহিত্যে ক্ষমতাধরদের অত্যাচার ও নির্যাতনের কাহিনী বর্ণনা করেছেন অত্যন্ত নিপুণভাবে। গতানুগতিক ধারাকে পাশ কাটিয়ে সাহিত্যে তিনি নতুন মাত্রা যুক্ত করেছেন। গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শওকত ওসমানের ১০৪তম জন্মজয়ন্তীতে শওকত ওসমান স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, কথাসাহিত্যিক আন্দালিব রাশদী, বিজ্ঞান ও শিল্প গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক দিপু সিদ্দিকী প্রমুখ। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘শওকত ওসমান আমাদের প্রেরণার উত্স। ছাত্র রাজনীতি করার সময় আমাদের অনুষ্ঠানে তিনি আসতেন। তার বক্তৃতা আমাদের জন্য দিক নির্দেশনা।’ শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদের সভাপতি ভাষাসংগ্রামী আহমদ রফিক এক লিখিত বক্তব্যে বলেন, ‘সততা, আদর্শনিষ্ট কর্মে বিশ্বাস করতেন কথাসাহিত্যিক শওকত ওসমান। নান্দনিক শিল্প সৃষ্টির সৌন্দর্যে বিশ্বাসী ছিলেন শওকত ওসমান। সম্প্রতি ভাস্কর্য-শিল্প ভাঙার যে অপচেষ্টা চলছে, তিনি এর প্রতিবাদ করতেন। আমরাও ভাস্কর্য ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ জানাই শৈল্পিক সৌন্দর্য রক্ষার নান্দনিক তাগিদে।’ অপর এক লিখিত বক্তব্যে পিতৃ স্মৃতিচারণা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ছাত্রদের পড়ানোর পাশাপাশি নিজেও প্রচুর পড়াশোনা করতেন। এ কারণেই তার রচনা এমন তির্যক হতে পেরেছে। কখনোই ফরমায়েশি লেখা লিখে সময় নষ্ট করেননি। সাহিত্যচর্চার ক্ষেত্রেও আদর্শ থেকে বিচ্যুত হননি।