মানববন্ধনে সুগারমিলস চিল্ড্র্রেনস ফোরাম
ইত্তেফাক রিপোর্ট
সরকারি মালিকানাধীন চিনিকলগুলো বন্ধ না করে পণ্যবহুমুখী করার লক্ষ্যে আধুনিকায়ন ও দুর্নীতি দূর করে চিনিকলগুলো লাভজনকভাবে চালানো সম্ভব। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ১৬টি চিনিকলের শ্রমিক কর্মচারী ও আখচাষিদের ছেলেমেয়েদের সংগঠন সুগারমিলস চিল্ড্রেনস ফোরাম।
মানববন্ধনে বক্তারা বলেন, চিনিকলগুলোর লোকসানের জন্য দায়ি গুটিকয়েক ব্যক্তির দুর্নীতি ও অব্যবস্থাপনা। অথচ এর দায় হাজার হাজার সাধারণ শ্রমিক আর আখচাষিদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ আজ অবধি দুর্নীতি নির্মূল ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানোর কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এর বড় উদাহরণ হচ্ছে বাজারে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও মিলগুলোতে হাজার হাজার টন অর্গানিক চিনি অবিক্রীত অবস্থায় পড়ে থাকা। বিপণন ব্যবস্থার চরম অদক্ষতাই এরজন্য দায়ী। চলতি মৌসুমে আখমাড়াই বন্ধ করে ছয়টি মিলের হাজার হাজার আখচাষি ও শ্রমিক কর্মচারীদের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে।
চিনিশিল্প আধুনিকায়ন প্রকল্পের কথা মুখে বলা হলেও আজ অব্দি একটি প্রকল্পও বাস্তবায়িত হয়নি। দুটি চিনিকল আধুনিকায়ন করার জন্য দুটো প্রকল্প হাতে নেওয়া হলেও গত সাত বছরে কয়েকটি গাড়ি কেনা ছাড়া প্রকল্পের কোনো কাজই হয়নি। অথচ এর দায় বহন করতে হচ্ছে হাজার হাজার আখচাষি আর চিনিকল শ্রমিকদের।
তারা বলেন, চিনির পাশাপাশি এই চিনিকলগুলো বিদ্যুত্ ও এলকোহল এবং ইথানল ভিত্তিকপণ্য উত্পাদন করে তা রপ্তানি করা সম্ভব সেটা সর্বজনবিদিত। কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে এ প্রক্রিয়ায় প্রতি বছর ব্যাপক মুনাফা অর্জিত হচ্ছে। পাশের দেশগুলোতেও আখচাষিদের হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। একইভাবে চিনিকলগুলোকে নতুন দেশি-বিদেশি যৌথ বিনিয়োগ দিয়ে বহুমুখী পণ্য উত্পাদনের প্রকল্প নেওয়ার আহ্বান জানানো হয়।
