নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসুন

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:৪২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার বিএনপির ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণঅভুত্থানের বস্তুগত দিক এখন দেশে নেই। দেখতে দেখতে সরকারের ১২ বছর চলে গেল, কিন্তু আন্দোলন হবে কোন বছর। জনগণও এখন আপনাদের আন্দোলনের কথা শুনলে           হাসে।’ তিনি বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থ বিএনপির রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না। তাই আপনাদের বলি নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসুন।’

আওয়ামী লীগের নতুন বছরে রাজনীতি কেমন হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অধিকতর সুগঠিত এবং স্মার্ট একটা দল গড়ে তোলা হবে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা আরো মজবুত করা হবে। সারা দেশে যে সব জেলা ও মহানগরে কমিটি হয়নি সেসব এলাকায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিতর্কিতরা যাতে দলের নেতৃত্বে আসতে না পারে সে বিষয়ে দল সচেষ্ট থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নতুন বছরে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে এবং যাত্রীদের সুরক্ষায় যা যা করার তা করতে হবে। বিআরটিএতে দালালের দৌরাত্ম্য দূর করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, কারো কারো দালালদের সঙ্গে যোগসাজশ আছে, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সড়কে তিন চাকার মোটরযান বন্ধ করতে হবে। এ সব যান নির্মাণের কারখানাগুলো বন্ধ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। মালিক-শ্রমিকদের আবারও স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, গাড়িগুলোতে যত আসন তত যাত্রী—নিয়ম অবশ্যই মানতে হবে। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী।

ভার্চুয়ালি এ অনুষ্ঠানে রাজধানীর বনানীর বিআরটিএ প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।