ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মৃদ্যু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তার হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুর কলকাতার উডল্যান্ডস হাসপাতালে জরুরি ভিত্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন বসানোর পর আপাতত সুস্থ আছেন সৌরভ। আরো দুটি স্টেন্ট বসানো হবে।
হাসপাতাল সূত্রের খবর, মায়ো কার্ডিয়াল ইনফ্র্যাকশানে আক্রান্ত হয়েছেন তিনি। সঠিক সময় হাসপাতালে আসায় বড় বিপদ এড়ানো গেছে। অ্যাঞ্জিওপাস্টির পর তাকে বেডে দেওয়া হয়েছে। আপাতত ৪৫ দিন তাকে হাসপাতালে থাকতে হবে। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভকে নয়াদিল্লির এইমসে নিয়ে গিয়ে চিকিত্সা করানোর প্রস্তাব দিয়েছেন। সৌরভের আরোগ্য কামনা করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বীরেন্দ্র শেহবাগ। শনিবার সকালে ওয়ার্ক আউট শুরুর পরই অস্বস্তি অনুভব করেন সৌরভ। ট্রেডমিলে দৌঁড় শুরুর পর ব্যাকআউট হয়। একটু সামলে নিয়েই পারিবারিক চিকিত্সক সপ্তর্ষি বসুকে ফোন করেন সৌরভ। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলা হয়। পরীক্ষার পর দেখা যায়, তার হার্টের ধমনিতে তিনটি ব্লকেজ পাওয়া গেছে। সৌরভের চিকিত্সায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের সদস্যরা হলেন ডা. সরোজ মণ্ডল, ডা. আফতাব খান, ডা. ভবতোষ বিশ্বাস, ডা. এস বি রায় ও ডা. শৌতিক পান্ডা।
ডা. আফতাব খান জানান, উনি মৃদু হূদরোগে আক্রান্ত হয়েছিলেন। হার্টে তিনটি ব্লকেজ ছিল। সঠিক সময়ে হাসপাতালে এসেছিলেন। তাই বড় ধরনের বিপদ কাটানো গেছে। ইসিজি রিপোর্ট এখন ভালো। আমরা অন্য দুটি ব্লক নিয়ে ভাবছি। তাকে ৪৮ ঘণ্টা নজরে রাখা হবে। ওপেন হার্ট বাইপাস সার্জারি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই। ডা. সরোজ মণ্ডল বলেছেন, সৌরভের একটা ধমনিতে অ্যাঞ্জিওপাস্টি করা হয়েছে। বাকি দুটি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হার্ট অ্যাটাকের ফলে যে ধমনি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটারই আগে চিকিত্সা করতে হবে।
