সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ দমন বিভাগ (সিআইডি)। গতকাল শনিবার ভোর ৬টায় ঢাকা থেকে সুনামগঞ্জে এসে নামার সময় পুরাতন বাসস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার শহীদ মিয়া সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের তৌফিক মিয়ার ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শহীদ মিয়াকে সিআইডি পুলিশ নানা কৌশলে ঢাকা থেকে সুনামগঞ্জে এনে গতকাল ভোর ৬টায় পুরাতন বাসস্টেশন থেকে গ্রেফতার করে। তবে সকাল ৯টা পর্যন্ত তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।
গত ২৭ ডিসেম্বর গভীর রাতে ঐ বাসের হেলপার রশিদ আহমদকে গ্রেফতার করেছে সিলেট পিবিআই। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বিকালে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাচ্ছিলেন ঐ কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এসে যাত্রীবাহী ঐ বাসে একা হয়ে যান ঐ ছাত্রী। অন্য যাত্রীরা নেমে যায়। এ সময় চালক ও হেলপার কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। সম্ভ্রম বাঁচাতে ঐ ছাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে যায়। ছাত্রীটি বর্তমানে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছে।
