তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো নির্বাচন এলে অভিযোগের বাক্স খুলে বসে বিএনপি। এটা তাদের চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচনে তারা জয়লাভ করেছে। জয়লাভ করার আগ মুহূর্ত পর্যন্ত নানা অভিযোগ দিয়েছে, যেইমাত্র জয়লাভ করেছে তাদের মুখটা বন্ধ হয়ে গেছে। তিনি গতকাল শনিবার নগরীর পোর্ট কানেক্টিং সড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ আরো বলেন, দেশ পৃথিবীব্যাপী প্রশংসিত হলেও দেশে একটি পক্ষ কখনো প্রশংসা করতে পারে না। প্রতিদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের দলের অন্যান্য নেতারা এবং কিছু কিছু বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ব্যক্তি সরকারের উন্নয়নের প্রশংসা করতে পারেন না। তাদের বুদ্ধি আছে, কিন্তু আমাদের সরকার সম্পর্কে বলার সময় তাদের বুদ্ধি কেন লোপ পায় সেটি বুঝতে পারি না। তারা যেভাবে কথা বলেন, দেশে যে এত উন্নয়ন হয়েছে সেটি তারা দেখতে পান না, চোখ থাকতেও তারা অন্ধ।
তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী, পৌনে ১ কোটি মানুষের শহর। এই শহরের উন্নয়নের সঙ্গে দেশের উন্নয়ন যুক্ত। চট্টগ্রামের উন্নয়ন মানে পুরো দেশের উন্নয়ন। সে কারণে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় চট্টগ্রামের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। ১০০ কোটি ডলার সমপরিমাণ টাকা খরচ করে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য প্রকল্প চলমান আছে। চট্টগ্রাম শহরের রাস্তাঘাটের উন্নয়নের জন্য ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে। শেষে তিনি পাহাড়তলি হর্স শোর লেক পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন উপস্থিত ছিলেন।
