গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই নারী পোশাকশ্রমিক ও চট্টগ্রামে সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। যশোরের চৌগাছায় চতুর্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
গাজীপুর প্রতিনিধি : শনিবার দুপুরে নগরীর বাইশ মাইল ব্রিজ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার সামনে সড়ক দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসের চাপায় নিহত দুই নারী শ্রমিক হলেন, পাবনার বেড়া থানার বেতবাড়িয়া গ্রামের মোহাম্মদ বেলাল উদ্দিনের মেয়ে বকুল খাতুন (২১) এবং বগুড়ার ধুনট থানার গজিয়াবাড়ী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে করুনা খাতুন (২০)।
স্থানীয়রা জানান, চাকরির ইন্টারভিউ শেষে দুপুরের খাবারের জন্য বাইরে বের হয়ে রাস্তা পারাপারের সময় চন্দ্রাগামী দ্রুতগতির তাকওয়া পরিবহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত গাড়িটি ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম অফিস জানায়, নগরীতে রিকশায় করে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। নিহত নারীর নাম কুলসুম বেগম (২৪)। তিনি নগরীর ডবলমুরিং থানার পান্নাপাড়া এলাকার মো. ইদ্রিস মিয়ার স্ত্রী। গতকাল শনিবার চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী গাড়ি রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ নারীর মৃত্যু হয়।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র প্রান্তিক (২০) ও তার বন্ধু আলভী (২১) নিহত হয়েছেন। প্রান্তিক উপজেলার কলাকোপা ইউনিয়নের বাগমারা গ্রামের মহসিন উদ্দিন পলাশের ছেলে এবং আলভী একই ইউনিয়নের জালালপুর গ্রামের ব্যবসায়ী আলী আজমের একমাত্র ছেলে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওয়ালিদ হাসান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার উপজেলার জাহাঙ্গীরপুর বকুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ালিদ উপজেলার ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে এবং চতুর্থ শ্রেণির ছাত্র।
বদরগঞ্জ (রংপুর) : বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার রামনাথপুর ইউপির খোলাহাটি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শহিদুল রাধানগর ইউপির অঘোরিয়াপাড়া গ্রামের বাটখাড়া মিয়ার ছেলে।
