রাজশাহীতে মদ পানে পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ও শনিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন জনের পরিচয় পাওয়া গেছে। মৃতরা হলেন মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)। চিকিত্সাধীনরা হলেন মহানগরীর হেতেমখাঁ এলাকার তুহিন (২৬) এবং একই এলাকার কলপ (২২)। এই দুজন রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে আছেন।
ওসি আরো বলেন, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার সময় হোসনীগঞ্জ এলাকায় হতাহতরা মদ পান করেন। এদের মধ্যে কয়েক জন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
