কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, কোনো ভাইয়ের বা ব্যক্তির নির্দেশে নয়, যুবলীগ চলবে শেখ হাসিনার নির্দেশে। ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, যুবলীগের মধ্যে কোনো গ্রুপিং চলবে না। যারা গ্রুপিং করবেন, ঐক্য বিনষ্ট করবেন তাদের যুবলীগ করার অধিকার নেই।
গতকাল শনিবার বিকালে নগরীর কাজীর দেউড়িতে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মহানগরী যুবলীগ আয়োজিত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় যুবলীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
মাইনুল হোসেন খান নিখিল আরো বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে রেজাউল করিমকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। যদি কোনো কারণে নৌকা প্রতীক পরাজিত হয়, তাহলে ধরে নেব এই অঞ্চলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শেখ হাসিনার কর্মী নয়, আপনারা নিজেকে এবং পদপদবিকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন না। তিনি বলেন, দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক জিয়া লন্ডনে বসে দেশে অর্থ বিনোয়োগ করছেন। তাই নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি না করে ঐক্য গড়ে তুলুন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিএনপি জামায়াত আগামী সিটি করপোরেশন নির্বাচনে জয় লাভ করতে পারবে না।
যুবলীগ নেতা বলেন, আল্লামা শফিকে কি প্রক্রিয়ায় এই পৃথিবী থেকে বিদায় করা হয়েছে তা নিশ্চয় অজানা নয়। বাবুনগরী, মামুনুল হকের গ্রুপরা সেদিন শাপলা চত্বরে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল। তারা নতুন করে বিএনপি-জামায়াত থেকে অর্থ নিয়ে আবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হোসেন তসলিম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি প্রমুখ।
