রংপুর মেডিক্যাল হাসপতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:৫১

অবশেষে স্বাভাবিক হয়েছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্যক্রম। চার দিন পর কর্মবিরতি স্থগিত করেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা। সম্প্রতি হাসপাতালের দুই কর্মচারীর বদলির আদেশ প্রত্যাহার নিয়ে এই কর্মসূচি শুরু করেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা। গতকাল শনিবার দুপুরে হাসপাতাল পরিচালক ডা. রুস্তম আলী ও কলেজ অধ্যক্ষ এ কে এম নুরন্নবী লাইজুসহ স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর এক চিঠিতে চতুর্থ শ্রেণির দুই কর্মচারীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাজশাহী ও পঞ্চগড় হাসপাতালে বদলি করে। এর প্রতিবাদে কোনো ঘোষণা ছাড়াই গত বুধবার থেকে আন্দোলনে নামেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানিয়েছেন, হাসপাতালের স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে তারা পরিচালকসহ প্রশাসনিক কর্মকর্তাদের রোষানলে পড়েন। এ কারণেই তাদের অন্যায়ভাবে বদলি করা হয়। আগামী তিন দিনের মধ্যে বদলি আদেশ প্রত্যাহার না হলে ১৬ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন।

তবে হাসপাতাল পরিচালক ড. রুস্তম আলী জানান, আশিকুর রহমানসহ প্রায় ১৫ থেকে ১৬ জন কর্মচারীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত স্বাপেক্ষে তাদের বদলি করেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো হাত নেই।