১৪ দিন দশ ঘণ্টা করে বিদ্যুত্ বন্ধ দক্ষিণের ১১ উপজেলায়

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:২৬

দক্ষিণের ১১ উপজেলায় গত শুক্রবার থেকে ১৪ দিন সকাল-সন্ধ্যা বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে। বরিশাল-পটুয়াখালীর এক লাখ ৩২ হাজার ও ৩৩ হাজার ভোল্টের (১৩২ কেভি) বিদ্যুত্ সঞ্চালন লাইনের কন্ডাক্টর পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধি কাজের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিদ্যুত্ বিভাগের এক পরিপত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি (শুক্রবার) থেকে ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ ঘণ্টা করে পটুয়াখালী ও বরগুনার ১১ উপজেলায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে।

উপজেলাগুলো হলো: পটুয়াখালী জেলার সদর, দশমিনা, মির্জাগঞ্জ, বাউফল, গলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়া ও দুমকি এবং বরগুনা জেলার আমতলী, তালতলী ও বেতাগী উপজেলা। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।