২ বছরেও হয়নি প্রথম বর্ষের পরীক্ষা

পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনে চবির আইইআরের শিক্ষার্থীরা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৮:০৮

২ বছরেও হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের  প্রথম বর্ষের পরীক্ষা। এবার পরীক্ষা গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সেই সাথে উপাচার্য বরাবর চারদফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা।

রবিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, বিভিন্ন কারণে আমাদের ২০১৯ সালের পরীক্ষা পিছিয়ে গত বছরের ২৫ মার্চ পরীক্ষার দিন ধার্য করে রুটিন প্রদান করা হয়। কিন্তু ১৭ তারিখ থেকেই করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে পরীক্ষা স্থগিত হয়ে যায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা গত ১৮ অক্টোবর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রেরণ করি।

স্মারকলিপিতে আরও বলা হয়, গত নভেম্বরে আমরা ইন্সটিটিউটের সাথে পরীক্ষার ব্যাপারে যোগাযোগ করলে ইন্সটিটিউট আমাদের জানায় ২০১৮-১৯  সেশনের পরীক্ষার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। অথচ সংস্কৃত বিভাগ গত ২২ ডিসেম্বর ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু আমাদের পরীক্ষার রুটিন, প্রশ্নসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন আছে, সেহেতু এখন পরীক্ষা না নেওয়াকে আমরা ইন্সটিটিউটের অবহেলা হিসাবেই দেখি। ইতিমধ্যে প্রথম বর্ষে আমরা ২৪ মাস পার করেছি।

স্মারকলিপিতে তাদের চারটি দাবি হচ্ছে, জানুয়ারির ১০ তারিখের মধ্যে পরীক্ষার রুটিন দিতে হবে, পরীক্ষা শেষ হওয়ার পর পর প্রয়োজনে অনলাইনে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করতে হবে, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট দিতে হবে, ইন্সটিটিউটের সেশনজট নিরসনে শিক্ষক নিয়োগ এবং ক্লাসরুম বৃদ্ধিসহ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ ব্যাপারে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, তাদের সাথে কথা হয়েছে। আমরা ব্যাপারটা নিরসনের জন্য আন্তরিক চেষ্টা করছি।

আইইআরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ বলেন, আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত আছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি পেলে আমরা পরীক্ষা নিতে পারবো।

ইত্তেফাক/এমএএম