ইসরায়েলে আঘাত হানতে পারে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা 

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৮:৪৫

ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত হানতে পারে ইসরায়েল, এমনটাই দাবি করেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সায়েন্টিফিক ড্রিলিং প্রোগ্রাম (আইসডিপি) এবং সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

 গবেষনায় বলা হয়,  ৬ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ওই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। ২০১০ সাল থেকে মৃত সাগরে খননকাজ চালাচ্ছে এই গবেষক দল। এ সময় তারা সমুদ্রতলের ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে দুই লাখ ২০ হাজার বছরের ভূমিকম্পের ইতিহাস জানার চেষ্টা করেন।

বিশেষজ্ঞ দলের প্রধান তেলআবিব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসার  শমুয়েল মারকো বলেন, ভূতাত্ত্বিক রেকর্ড মিথ্যা নয় এবং ইসরায়েলে  একটি বড় ভূমিকম্প আসবে।  এ অঞ্চলে ১৩০ থেকে ১৫০ বছর পর পর বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে।

মৃত সাগর উপত্যকায় ১৯২৭ সালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে তখন ৫০০ মানুষ মারা যান এবং আহত হন ৭০০ মানুষ। টাইমস অব ইসরায়েল। 

ইত্তেফাক/এআর