নারী নির্মাতাদের অগ্রদূত হলিউড সিনেমা পরিচালক জোয়ান মিকলিন সিলভার আর নেই। গত ৩১ ডিসেম্বর নিউইয়র্কের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস।
জোয়ানের মেয়ে ক্লাওডিয়ার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ভাসকুলার ডাইমেনশিয়ার রোগে ভুগছিলেন জোয়ান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
জোয়ান মিকলিন সিলভার ১৯৭৫ সালে রাতারাতি আলোচনায় আসেন ‘হেস্টার স্ট্রিট’ সিনেমা নির্মাণ করে। ২০০৫ সালে এক সাক্ষাত্কারে জোয়ান এ সিনেমা নির্মাণের গল্প জানিয়ে বলেন, ‘এই সিনেমাটি ছিল অল্প বাজেটের। নিজ উদ্যোগে ৩৪ দিন বিভিন্ন স্থানে শুটিং করে এটি নির্মাণ করেছিলাম। ছবিটি ফিরিয়ে দিয়েছিল একাধিক স্টুডিও। কেউ মুক্তি দিতে চায়নি।’
সে সময় প্লাজা থিয়েটারে মুক্তি পাওয়া ‘হেস্টার স্ট্রিট’ আয় করে ৫ মিলিয়ন ডলার, যা বাজেটের ১৪ গুণ বেশি। রাশিয়া থেকে ম্যানহ্যাটনে আসা ইহুদি অভিবাসী দম্পতির গল্প তুলে ধরা সিনেমাটি পরবর্তীতে অংশ নেয় কান চলচ্চিত্র উত্সবে। ‘হেস্টার স্ট্রিট’ ও ‘বিটুইন দ্য লাইনস’সহ ৭টি সিনেমা নির্মাণ করে হলিউডের নারী নির্মাতাদের পথ সুগম করেছেন জোয়ান মিকলিন সিলভার।
