দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয়েছে। বছরের প্রথম কার্যদিবস গতকাল রবিবার সূচকটি ২১৭ পয়েন্ট বেড়েছে। যা সূচকটি চালু হওয়ার আট বছরের মধ্যে এক দিনের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ উত্থান। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনেও বড় উত্থান হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে ডিএসইএক্স সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪ হাজার ৫৬ পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করে। এর পরে বিগত আট বছরের মধ্যে সূচকটি গতকাল দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয়েছে। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ইতিহাসের সর্বোচ্চ অর্থাত্ ২৩২ পয়েন্ট উত্থান হয়েছিল। এরও আগে চলতি বছরের ৯ আগস্ট তৃতীয় সর্বোচ্চ ১৮০ পয়েন্ট, ১৬ ফেব্রুয়ারি চতুর্থ সর্বোচ্চ ১৬৯ পয়েন্ট, ১৬ আগস্ট পঞ্চম সর্বোচ্চ ১৫৬ পয়েন্ট এবং ২০১৫ সালের ১০ মে ষষ্ঠ সর্বোচ্চ ১৫৫ পয়েন্ট বেড়েছিল।
এদিকে গতকাল ডিএসইর ডিএসইএক্স সূচকটি এক বছর ৯ মাস ১৪ দিন বা ৩৯২ কার্যদিবস পর ৫ হাজার ৬০০ পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১৯ সালের ১৯ মার্চ সূচকটি রবিবারের চেয়ে বেশি অবস্থানে ছিল। ঐ দিন ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ৬৩১ পয়েন্টে অবস্থান করছিল। গতকাল ডিএসইএক্স ২১৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৮ দশমিক ৯৯৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ৫৭ দশমিক ৪০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১১৪ দশমিক ৯৯ পয়েন্ট এবং ৩৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৯ দশমিক ৫২ পয়েন্টে, ২ হাজার ৭৮ দশমিক ৯৫ পয়েন্টে এবং ১ হাজার ১৭৬ দশমিক ৯২ পয়েন্টে।
ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৮২ কোটি ৪৯ লাখ ৯১ হাজার টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৪৩ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকার।
ডিএসইতে গতকাল ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫৩টির বা ৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৫৮টির বা ১৬ দশমিক ০৬ শতাংশের এবং ৫০টি বা ১৩ দশমিক ৮৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ৬৭২ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৫ দশমিক ১৮ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৮টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। গতকাল সিএসইতে ৬৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
