বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছেন। গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
কুমিল্লা: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পথচারী দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও গ্রামের আবুল খায়েরের স্ত্রী নুরুন্নেছা (৩০), বাসযাত্রী তিতাস উপজেলার কুশিয়ারা গ্রামের সাগর (২৮) ও অজ্ঞাতনামা এক যাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ যাত্রী। ভোরে একই উপজেলার ইলিয়টগঞ্জ সংলগ্ন মোবারকপুরে গ্রীণলাইন পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের ফয়সাল (৩০) ও বাসের হেলপার মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কাজীকান্দা গ্রামের মনোয়ার শেখ (২৫) নিহত হন। এছাড়া বিকেলে মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখি একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে প্রাইভেট কারের যাত্রী টাঙ্গাইল সদর থানার পশ্চিম আকুর টাকুরপাড়া গ্রামের মজিবুর রহমান (৫০) ও একই থানার আশেকপুর গ্রামের হুমায়ুন কবির (৪৮) নিহত হন। জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় ময়নামতি হাইওয়ে থানার অদূরে হাইওয়ে পুলিশের র্যাকারের চাপায় পিষ্ট হয়ে আশুরি মন্ডল (২২) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হন।
ফুলপুর (ময়মনসিং): ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে বাস চাপায় ওলিউল্লাহ (৫) নামে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। দুপুরে তারাকান্দা উপজেলার ধলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মাওলানা মাহমুদুল হাসান (৩৮) নিহত হয়েছেন। গতকাল মোটরসাইকেল যোগে জামালপুর যাওয়ার পথে ডেফলা ব্রিজ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জগামী বিশ্বরোডে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হলে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিরব মন্ডল (৪) নামে এক শিশু নিহত হয়েছে। দুপুরে পীড়ারবাড়ী-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের ত্রিমুখী বাজার সংলগ্ন নারায়ন তালুকদারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া: ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশ-ই এলাকায় বাস ট্রাক মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তানজিন নামের নাইট কোচের ধাক্কায় এক অটোচালক ঘটনাস্থলেই নিহত ও অটোবাইকের অপর এক যাত্রী মারাত্বক আহত হয়েছেন। সকালে কুড়িগ্রাম-রংপুর সড়কের লালমনিরহাট সদর উপজেলার মোস্তফী এলাকার সাহসের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
খুলনা অফিস: খুলনায় সড়ক দুর্ঘটনায় মো. রাব্বী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। ভোরে নগরীর লবণচরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
