ঘন কুয়াশার সঙ্গে শৈতপ্রবাহের কারণে বোরো বীজতলায় কোল্ড ইনজুরি দেখা দিতে পারে। সে আশঙ্কায় পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখছেন জয়পুরহাটের কৃষকরা। একই সঙ্গে গভীর নলকূপের সেচ দিচ্ছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি মৌসুমে ৩ হাজার ৪২৩ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ৬৯ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স ম মেফতাহুল বারি জানান, কোল্ড ইনজুরি থেকে বোরো বীজতলা রক্ষায় মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
