জামালপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:২৬

জামালপুর শহরের নাওভাঙা চর থেকে রবিবার ওয়াসিম (২৮) নামে এক আটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টার দিকে অটোরিকশা গ্যারেজে রেখে সে বাসায় যায়। রাত ৩টার দিকে তার স্ত্রীর ডাক-চিত্কারে প্রতিবেশীরা গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওয়াসিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, লাশের গায়ে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে মারা যেতে পারে সে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।