ফেডারেশন কাপ ফুটবলে আরো একটি কোয়ার্টার ফাইনাল মাঠে উত্তেজনা ছড়িয়েছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। দুই গোলের জয়টি খুব যে সহজে এসেছে, তা-ও বলা যাবে না। শেখ জমাল ম্যাচ জেতার মতো ভালো ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতার গল্পটাও কম নয়। ফাইট হয়েছে। এই ম্যাচেও আবার সেই আর্জেন্টিনা ও ব্রাজিলিয়ান ফুটবলারের গোলে ফেডকাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস জয় পেয়েছে। ৯ মিনিটে প্রথম গোলটি করেন মেসির দেশের ফুটবলার রাউল অস্কার। নেইমারের দেশের ফুটবলার রবসন সিলভা গোল করেন ৮৯ মিনিটে।
বসুন্ধরা ও শেখ জামাল পরিচলনায় একই স্থান থেকে অর্থের জোগান এলেও কেউ যেন কাউকে ছাড় না দেওয়ার একটা শপথ নিয়ে মাঠে নেমেছিল। জামালের কোচ শফিকুল ইসলাম মানিক, যিনি বাফুফেতে কাজী সালাহউদ্দিনের বিপক্ষে সভাপতি পদে নির্বাচন করে হেরেছিলেন। এক ভোট পেয়েছিলেন। সেই মানিক নির্বাচনের লড়াই শেষ করে ফিরে গিয়েছিলেন শেখ জামালের অনুশীলনে। তার ভালো অস্ত্র রয়েছে। দলের আক্রমণভাগে আছেন উজবেক ফুটবলার জনভ ওতাবেক, গাম্বািয়ান ওমর জোয়ে এবং আরেক গাম্বিয়ান সলোমন কিং কনফরম। দুর্ভাগ্যক্রমে গোল পাননি। মানিকের সবচেয়ে বড় কষ্ট এখানেই। এই ত্রয়ী যেন বসুন্ধরার রক্ষণ ছিন্নভিন্ন করে দিয়েছিলেন। ভাগ্য পাশে ছিল না বলে তারা জালে বল ফেলতে পারেনি। ভাগ্য ভালো, ৯ মিনিটে রাউল অস্কারের গোলে এগিয়ে ছিল বসুন্ধরা। পিছিয়ে থাকা শেখ জামাল যেভাবে বসুন্ধরাকে গলা টিপে ধরেছিল, তাতে মনে হয়েছিল গোল হজম করেই ফেলবে বসুন্ধরা।
বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন খুব চতুর। সমস্যা বুঝতে পেরে ডিফেন্ডার ইয়াসিনকে তুলে নিয়ে অধিনায়ক তপু বর্মনকে মাঠে ছেড়ে দেন। বিরতিতে ড্রেসিং রুমে গিয়ে নতুন মন্ত্র নিয়ে মাঠে নামে তার দল। কাঁপিয়ে দেয় শেখ জামালের গোলপোস্ট। দুই বার সুফিল ও রাউলের শট ফিরে আসে লাইন থেকে। রবসন গোলকিপার মামুন খানকে একা পেয়ে না পারলেও ৮৯ মিনিটে এই রবসনই ম্যাচের দ্বিতীয় গোল করেন ২-০। আর তাতেই যেন হাঁফ ছেড়ে বেঁচে যান বসুন্ধরার কোচ ব্রুজন। ১ গোলের ওপর ভরসা ছিল না। শেখ জামাল গোল শোধ করে ফেললেই ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়াত। তার আগেই শেষ হওয়ায় খুশি বসুন্ধরার কোচ। আর মানিকের আফসোস, আরেকটু সময় পেলে ম্যাচটা ঘুরেও যেতে পারত।
আজ শেষ কোয়ার্টার ফাইনাল
আবাহনী ও উত্তর বারিধারা ক্লাব। বিকাল ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
