বল হাতে আগুনের গোলাই ছাড়েন অ্যানরিক নরকিয়া। নিয়মিতই বল করেন ১৫০ কিলোমিটার গতিতে। এবার সেই আগুনে পুড়ল শ্রীলঙ্কা। জোহানেসবার্গে এই পেসারের সামনে দাঁড়াতেই পারল না টস জিতে ব্যাট করতে নামা দিমুথ করুনারত্নের দল। যার ফলে প্রথম ইনিংসে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে যায় তারা। নরকিয়া একাই সাজঘরে ফেরান ছয় ব্যাটসম্যানকে। এছাড়া তিনটি উইকেট নেন উইয়ান মুল্ডার ও বাকি একটি পকেটে পুরেন আরেক পেসার লুথো সিপামলা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬০ রান আসে ওপেনার কুশল পেরেরার ব্যাট থেকে। জবাবে ব্যাটিং করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১১০ রান করে প্রোটিয়ারা। ডিন এলগার ৭৪ ও রসি ভ্যান ডার ডুসেন ২১ রানে ব্যাট করছেন।
