রাজশাহীতে মদপানে আরেক তরুণের মৃত্যু মৃতের সংখ্যা ৬

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:১৯

রাজশাহীতে অতিরিক্ত মদপানে অসুস্থ আরেক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় ইশাকুল ইসলাম (২২) নামে এ তরুণের মৃত্যু হয়। ইশাকুল ইসলাম নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনার বাসিন্দা। এ নিয়ে মদপানে মৃতের সংখ্যা দাঁড়াল ছয়। এর আগে রামেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পাঁচ তরুণের মৃত্যু হয়। মৃতদের একজন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেন।

মৃতরা হলেন, নগরীর হোসনীগঞ্জে আইনুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তপাড়ার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫), নগরীর বাকির মোড়ের উত্তমের ছেলে সাগর (২৫), হেতমখাঁর মৃত লুত্ফর রহমানের ছেলে তুহিন (২৬) ও নগরীর কাদিরগঞ্জের সেলিম আহমেদ এর ছেলে মুন আহমেদ (১৮)। তাদের মধ্যে ফয়সাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তুহিন গত শনিবার বিকাল এবং মুন রাতে মারা যান।

নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে নগরীর হোসনীগঞ্জ এলাকায় মদপান করে অসুস্থ হয়ে পড়েন তারা। পর্যায়ক্রমে তাদের সাত জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিন জন শনিবার ভোরে, একজন বিকালে ও একজন শুক্রবার রাতে মারা যান। সর্বশেষ গতকাল আরেক জনের মৃত্যু হয়। রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে মৃতদের লাশের ময়নাতদন্ত করা হয়েছে।