ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খানকে বদলি করা হয়েছে। গতকাল রবিবার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এ বিষয়ক প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ইউএনওর বদলির সংবাদ উপজেলায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। একই সঙ্গে দাবি উঠেছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।
গত ১০ মার্চ ইউএনও রাকিবুর রহমান খান ভাঙ্গায় যোগদান করেন। যোগদানের পর হতেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। তারপরেও বিশেষ খুঁটির জোরে এতদিন তিনি পদে বহাল থাকেন। তিনি নিজ বাসার ভেতরে শটগানের গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে মিডিয়ায় শিরোনাম হন। এছাড়া তার বিরুদ্ধে দরিদ্রদের আবাসন প্রকল্পের টাকা আত্মসাত্, উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে অহেতুক হয়রানি, আড়িয়াল খাঁ নদের খনন কাজের বালু বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মামলাসহ হয়রানির ভয় দেখানো হতো। ইউএনওর অপসারণ চেয়ে এলাকাবাসী সড়ক অবরোধসহ মানববন্ধনও করেছেন। ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরীর সঙ্গেও তিনি বৈরী আচরণ করেন। এই ইউএনওর জন্য এমপিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনেক বেগ পোহাতে হয়।
