নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কনকা ইলেকট্রনিকসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে টিপরদী রতনদী এলাকায় ঐ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় টিফিনের সময় থাকায় বড় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভয়ে তিন তলা থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিক ও আগুনের তাপে আতিকুল ইসলাম নামের এক ইঞ্জিনিয়ার আহত হয়েছেন। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। আগুন লাগার খবরে উত্সুক লোকজন ভিড় করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়। আগুনে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়নি।
অগ্নিকাণ্ডে কারখানার যন্ত্রাংশ, কাঁচামালসহ ভেতরের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানানো সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্লাস্টিক ও পেট্রোলিয়াম পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।
