সরকার উত্খাত করতে গিয়ে বিএনপিই উত্খাত হয়েছে :তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:২২

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকারকে উত্খাত করতে গিয়ে বিএনপি নিজেরাই জনগণের কাছ থেক উত্খাত হয়ে গেছে। রবিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সহসভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম প্রমুখ।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি এত দিন যে ধ্বংসাত্মক রাজনীতি করেছে, মানুষকে জিম্মি করে রাজনীতি করেছে, মানুষ হত্যার রাজনীতি করেছে এবং মানুষকে পুড়িয়ে হত্যার রাজনীতি করেছে—এগুলোর জন্য জনগণের কাছে ক্ষমা চান নতুন বছরে। আমি তাদের অনুরোধ জানাব, আপনারা ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুন।’

সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দলের ইতিহাসে অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমাদের দলের ইতিহাসে ভবিষ্যতেও অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। কিন্তু আশরাফ ভাইয়ের মতো এমন ভদ্রজন আমাদের দলের সাধারণ সম্পাদক খুব একটা পাইনি। তিনি রাজনীতিকে পেশা নয়, ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন।’