ড্যান্ডি খাওয়াকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে আরিফ হোসেন (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম জনিকে (১৮) কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) রাজীব তালুকদার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সা শেষে জনিকে গতকাল আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। জনির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলাটিতে গ্রেফতার জোনাকীকে (১২) গত শনিবার গাজীপুরের কোনাবাড়ীর কিশোরী সংশোধনাগার কেন্দ্রে পাঠানোর আদেশ দেন আদালত। গত শুক্রবার রাতে ড্যান্ডি খাওয়া নিয়ে জনি ও আরিফের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর জনি তার সঙ্গীদের নিয়ে আরিফ ও তার সঙ্গীদের ওপর হামলা করে। অন্যরা পালিয়ে গেলেও আরিফকে গণপিটুনি দেয় স্থানীয়রা। আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
