নাজিরপুরে আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, বোমা, গুলি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:৩১

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারিকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে আগুন দেওয়া, বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের দুই গ্রুপের কমপক্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে উভয় পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল রবিবার বিকালে শাঁখারিকাঠি ইউনিয়নের চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় দুই দফা সংঘর্ষে হামলাকারীরা সভামঞ্চে অগ্নিসংযোগসহ তিন শতাধিক চেয়ার ভাঙচুর করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খানকে লাঞ্ছিত করা হয়। পিরোজপর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম ও জেলা নেতাদের  সামনেই দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে। 

রবিবার বিকালে শাঁখারিকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের পদপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে দুই দফা এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রথমে বিকাল সাড়ে ৩টার দিকে একদফা হামলার ঘটনা ঘটে। পরে বিকাল পৌনে ৫টার দিকে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ইউনিয়নের ১ নম্বর বাঘাজোড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মোশারেফ শরীফ বলেন, আমরা কিছু লোক বিকাল সাড়ে ৩টার দিকে সম্মেলন স্থলে এসে দেখি কিছু সন্ত্রাসী সম্মেলনের মঞ্চে অগ্নিসংযোগ ও চেয়ার-টেবিল ভাঙচুর করছে। আমরা এতে বাধা দিলে হামলাকারীরা আমাদের ওপরও হামলা করে। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম জানান, তিনি সম্মেলন পরিচালনার জন্য মাইকে কথা বলার সময় হঠাত্ কিছু অপরিচিত সন্ত্রাসী মঞ্চের দিকে এসে অগ্নিসংযোগ, বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী মো. আল আমীন খান জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন কমিটির বর্তমান আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান গাউসের নেতৃত্বে সভামঞ্চে হামলা, অগ্নিসংযোগসহ গুলিবর্ষণের  ঘটনা ঘটে। তবে হামলার সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে শাঁখারিকাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আক্তারুজ্জামান গাউস বলেন, আল-আমীন খানের নেতৃত্বে ঐ দিন বিকালে প্রথম হামলা হয়। এতে আমার কমপক্ষে ৫০ নেতাকর্মী আহত হয়েছে। পরের হামলা কারা কীভাবে ঘটিয়েছে তা আমার জানা নেই। এ ব্যাপারে নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, কোনো গুলি বা বোমা হামলার ঘটনা ঘটেনি। উভয় পক্ষের কর্মীদের হামলায় কিছু চেয়ার ভাঙচুর  হয়েছে।

শ্রীরামকাঠি ইউনিয়নে পকেট কমিটি গঠনের অভিযোগ

এদিকে, রবিবার সকালে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পকেট কমিটি গঠনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শ্রীরামকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল কুমার হালদার।