পদ্মা সেতু, মেট্রোরেলসহ চার মেগা প্রকল্পের উদ্বোধন আগামী বছরের জুনে :কাদের

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:৩২

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, পদ্মা সেতুসহ চারটি বড় যোগাযোগ অবকাঠামো নির্মাণ শেষে ২০২২ সালের জুনের মধ্যে চালু করা হবে। গতকাল রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘সরকারের যে দায়িত্বটি আমি পালন করছি, সেখানে চারটি মেগা প্রকল্প রয়েছে, সেগুলোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে চলেছে। সবগুলো আগামী ২০২২ সালে উদ্বোধন করতে পারব। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের লক্ষ্য নির্বাচনি চ্যালেঞ্জ বাস্তবায়ন। ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনা সারা বিশ্বকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একদিকে করোনা মোকাবিলা করছি, অন্যদিকে অর্থনীতি সচল রেখেছি। ফরেন কারেন্সি রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার হয়েছে, প্রবৃদ্ধি আশানুরূপ জায়গায় আছে।’ তিনি বলেন, ‘সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি, ডিজিটাল বাংলাদেশের দিকে আগাচ্ছি। করোনার জন্য অনেকে কাজ হারিয়ে বেকার হয়েছেন, তাদের পুনর্বাসন করা এবং কাজ দেওয়া একটা চ্যালেঞ্জ। আমাদের ইশতেহারে আছে বেকারদের কর্মসংস্থান।’

দীর্ঘদিন একটি সরকার ক্ষমতায় থাকলে সেখানে স্বেচ্ছাচারিতা বেড়ে যেতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু লোক তো খারাপ আছে। ক্ষমতায় থেকে ক্ষমতার দাপট দেখায় এ রকম লোক আছে। তাদের ব্যাপারে আমরা সতর্ক। যারা ক্ষমতার দাপট দেখাবে, আমরা কিন্তু কিছু কিছু শাস্তি দিয়েছি। তবে শাস্তি শুধু বহিষ্কার করা নয়। অনেকেই অনেক বড় জায়গায় থাকে, সেখান থেকে ছিটকে পড়ে। দল বিভিন্নভাবে শাস্তি দিতে পারে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি তামাশা ছাড়া কিছু নয়। বিএনপি আওয়ামী লীগের মতো কোনো আন্দোলন করতে পারেনি। একটা খণ্ড মিছিলও করার সাহস দেখাতে পারে না তারা।

সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল ছিলেন, তিনি দলের জন্য অনেক কাজ করেছেন। আমি আজ তাকে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ, তিনি আমার এলাকার মানুষ। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।’